August 9, 2026, 1:03 pm

ভাসমান পেয়ারা বাজার ও বাগান ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

সাব্বির আহমেদ নলছিটি পিরোজপুর প্রতিনিধি

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার (৯ আগস্ট) সকালে স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ভীমরুলী পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি নৌকায় করে ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখেন এবং স্থানীয় পেয়ারাচাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন। পেয়ারা চাষ, উৎপাদন, বাজারজাতকরণ ও কৃষকদের জীবন-জীবিকা সম্পর্কে বিভিন্ন তথ্য নেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার তাঁকে মুগ্ধ করেছে। এখানকার বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম এবং পেয়ারার গুণগত মানও তাঁকে আকৃষ্ট করেছে।
তিনি বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার কথাও জানান তিনি।
রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা উৎপাদন হয়। কীভাবে উৎপাদন আরও বাড়ানো যায়, তা দেখতেই তিনি ঝালকাঠির পেয়ারা বাগান পরিদর্শন করেছেন।
মার্কিন রাষ্ট্রদূতের সফরকে ঘিরে স্থানীয় পেয়ারাচাষিদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বাগান মালিকরা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ের এমন আগ্রহ ভবিষ্যতে ঝালকাঠির পেয়ারার বাজার সম্প্রসারণ ও রপ্তানির সম্ভাবনাকে আরও জোরালো করবে।
পরিদর্শনকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতের সফর উপলক্ষে ভীমরুলী এলাকায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে পুলিশ।
বর্ষা মৌসুমে খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার অনন্য দৃশ্যের কারণে ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার দক্ষিণাঞ্চলের অন্যতম পরিচিত কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত।



ফেসবুক কর্নার