August 8, 2026, 5:08 pm
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর, দিলেন বিশদ ব্যাখ্যা রবীন্দ্র কুঠিবাড়িতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে দর্শনার্থী ও পর্যটকরা লোহাগড়া পৌরসভায় সরকারি বিধি ভেঙে কর্মচারীদের পিআইসি হওয়ার অভিযোগ, লাখ লাখ টাকা আত্মসাতের দাবি খুলনায় ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশি বৃদ্ধকে ধরে নেওয়ার অভিযোগ, ভারতীয় নাগরিক আটক নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শিগগিরই : প্রতিমন্ত্রী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর পর যাত্রী চলাচল বাড়বে : এসবি প্রধান

রবীন্দ্র কুঠিবাড়িতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে দর্শনার্থী ও পর্যটকরা

নাঈম বিশ্বাস কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে টানা ভারী বৃষ্টিতে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কুঠিবাড়িতে ঘুরতে আসা দেশ-বিদেশের দর্শনার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি বিশ্ব ঐতিহ্যের এই গুরুত্বপূর্ণ স্থাপনা ও এর বাগান রক্ষা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
কুঠিবাড়ি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, কুঠিবাড়ির সড়কসংলগ্ন পানি নিষ্কাশনের একটি সরু নালা রয়েছে। তবে দীর্ঘদিনের দখল ও ময়লা-আবর্জনায় নালাটি কার্যত বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সাম্প্রতিক ভারী বৃষ্টিতে কুঠিবাড়ির পেছনের বিল পানিতে পরিপূর্ণ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পরিবর্তে উল্টো বিলের পানি কুঠিবাড়ির দিকে প্রবেশ করছে। নিজস্ব কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
শনিবার বিকেলে কুঠিবাড়িতে গিয়ে দেখা যায়, মূল ফটক, মুক্তমঞ্চ, ম্যুরালের পাদদেশ ও জাদুঘরের আঙিনাজুড়ে পানি জমে আছে। মুক্তমঞ্চে পানি জমে থাকায় সেখানে দর্শনার্থীদের বসা, আড্ডা দেওয়া কিংবা কবিতা আবৃত্তির সুযোগ নেই। ফুল ও ফলের বাগানের গাছগুলো পানিতে নুয়ে পড়েছে। কোনো কোনো গাছ উপড়ে পড়ার উপক্রম হয়েছে। দর্শনার্থীদের বাধ্য হয়ে কেবল পাকা পথ ধরে চলাচল করতে হচ্ছে।
দূরদূরান্ত থেকে আসা রবীন্দ্রভক্ত ও পর্যটকরা জলাবদ্ধতায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
ফরিদপুর থেকে আসা দর্শনার্থী মোল্লা আবির বলেন, “কবির বাড়ি দেখার স্বপ্ন অনেক দিনের। কিন্তু এখানে এসে দেখি পুরো এলাকা পানিতে ডুবে আছে। ছবি তোলার মতো শুকনো জায়গাও নেই।”
মেহেরপুর থেকে শিক্ষা সফরে আসা শিক্ষার্থী আবু নাইম বলেন, “আমরা ১২ জন শিক্ষার্থী এসেছিলাম মুক্তমঞ্চে কবিতা আবৃত্তি করতে এবং আমবাগানে ছবি তুলতে। কিন্তু পানির কারণে সব পরিকল্পনা ভেস্তে গেছে।”
কুষ্টিয়া শহর থেকে আসা দর্শনার্থী রাজীব মৃধা বলেন, “বিশ্ব ঐতিহ্যের এই জায়গার এমন অবস্থা মেনে নেওয়া যায় না। এখানে একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা থাকা জরুরি।”
শুধু দর্শনার্থী নন, জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন কুঠিবাড়ির কর্মকর্তা-কর্মচারীরাও। জাদুঘরের ভেতরে ও বাইরে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হয়েছে। বাগানের ফুল ও ফলের গাছগুলোও ক্ষতির মুখে পড়েছে।
কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমীন বলেন, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকা এবং পেছনের বিল পানিতে পূর্ণ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে কুঠিবাড়ির অবকাঠামো ও মূল্যবান প্রত্নসম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।



ফেসবুক কর্নার