August 13, 2026, 7:22 am

কথিত মাদক কারবারি ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেপ্তার

শ্রীরামকৃষ্ণ নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধারসহ মো. শহিদুল ইসলাম (৪০) ওরফে ‘ট্যাবলেট শহিদুল’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানার এসআই মো. আল-আমিন ও এএসআই আবু সাইদের সমন্বয়ে গঠিত একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে বাগভান্ডার সোনাতলী এলাকার মফিজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, শহিদুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাধিকবার অভিযান চালালেও বিভিন্নভাবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। স্থানীয়দের অভিযোগের বরাতে পুলিশ জানায়, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের উঠতি বয়সী কিশোরদের মধ্যে মাদক ছড়িয়ে দেওয়ার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া দিনাজপুর ও রংপুরের বিভিন্ন উপজেলায় ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সরবরাহের অভিযোগও রয়েছে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, চতুর্থবারের চেষ্টায় মাদকসহ শহিদুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার সঙ্গে ভারতীয় মাদক কারবারিদের যোগাযোগ থাকার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার গ্রেপ্তারে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।



ফেসবুক কর্নার