June 5, 2026, 12:19 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জামায়াত প্রার্থীর

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবু তালিব সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মকভাবে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (দুপুর ১২টা) ঝিনাইদহ সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে কালীগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মাওলানা আবু তালিব বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। স্বাধীনতার ৫৪ বছরে মানুষের ভোটাধিকার বারবার হরণ হয়েছে। নির্বাচন এলেই জনগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা হয়, আর নির্বাচন শেষ হলে পরাজিত পক্ষের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে তিনি ভিন্ন আঙ্গিকে দেখছেন বলে মন্তব্য করেন।
তিনি বলেন, এবারের নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে—এটাই জনগণের প্রত্যাশা। মানুষ যেন স্বাধীনভাবে তার মতামত প্রয়োগ করতে পারে, সে জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
জামায়াত প্রার্থী আরও বলেন, নির্বাচনী পরিবেশকে অশান্ত করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা না গেলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হতে পারে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মকভাবে অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
নিজের অবস্থান তুলে ধরে আবু তালিব বলেন, জনগণ যাকেই নির্বাচিত করবে আমি তাকেই স্বাগত জানাব। আর যদি জনগণ আমাকে দায়িত্ব দেয়, তাহলে স্থানীয় সমস্যা সমাধানে সাংবাদিক ও সুশীল সমাজের পরামর্শ নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করবো। আমার ভুল হলে তা ধরিয়ে দিলে আমি কৃতজ্ঞ থাকবো এবং সংশোধন করবো।
তিনি অভিযোগ করেন, অতীতে সত্য সংবাদ প্রকাশ করায় অনেক সময় সংবাদকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। জামায়াত ক্ষমতায় গেলে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দখলদারিত্ব সমাজের বড় চ্যালেঞ্জ—এসব বন্ধে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। ছয় লেন সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সঙ্গে অমানবিক আচরণের প্রতিকার করা হবে। মৃতপ্রায় মোবারকগঞ্জ সুগার মিলকে উৎপাদনে ফেরানো, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্ন চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, বেকার ও প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা হবে এবং জাতীয় সমস্যাগুলো জাতীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল হক, সাবেক উপজেলা আমির মাওলানা ওলিউর রহমান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক প্রভাষক লুৎফর রহমান, মিডিয়া সমন্বয়ক ইকবাল হোসাইন ও কর্মপরিষদ সদস্য মো. মনিরুজ্জামানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার