July 18, 2026, 8:20 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

নির্বাচন বাধাগ্রস্ত ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে মিরপুরে হামলা: গোলাম পরওয়ার

অভয়নগর প্রতিবেদক

নির্বাচন বাধাগ্রস্ত ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে মিরপুরে হামলা: গোলাম পরওয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে রাজধানীর মিরপুরে জামায়াতের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২১ জানুয়ারি) হামলার প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে জামায়াতের এই সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি বলেন, ‘মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুরের পীরেরবাগে আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসায় মহিলা জামায়াতের একটি বৈঠক চলছিল। ওই সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ওই বাসায় জামায়াতের নারী নেত্রীদের অবরুদ্ধ করে রাখে।’

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘পরবর্তীতে তাদের উদ্ধার করতে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা এগিয়ে এলে বিএনপির সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায় এবং কয়েকজনকে একটি মসজিদে আটকে রাখে। হামলায় অন্তত ১৬ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় অবরুদ্ধদের উদ্ধার করা হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।’

হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘সন্ত্রাসীদের এই বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে জামায়াতের মহিলা বিভাগের কর্মীদের হেনস্তা ও জামায়াত-শিবিরের কর্মীদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি জিরো টলারেন্স নীতিতে নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে জামায়াতের এই সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, ‘জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে পরিকল্পিতভাবে পেশিশক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণের মৌলিক অধিকার রক্ষা, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের ভয়ভীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আপামর জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।’



ফেসবুক কর্নার