August 18, 2026, 1:21 pm

থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

আবু জাফর সাতক্ষীরা

সাতক্ষীরা সদর থানার হাজতের ভেতর থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় ডিউটি অফিসার পিংকি রায় ও সহকারী ডিউটি অফিসার এনিভা খাতুনকেও বদলি করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) জেলা পুলিশ এ সিদ্ধান্ত নেয়।
এর আগে ১৫ আগস্ট সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাস্টার শফিকুল ইসলাম, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ ওঠে, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে দেখা করতে কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মী থানার হাজতের সামনে যান এবং সেখানে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে হাজতের ভেতর থেকে বক্তব্য ও রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ১৫ আগস্ট দুপুরে কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মী থানায় অবস্থান করছিলেন। এ সময় একজন ব্যক্তি অনুমতি নিয়ে দেখা করতে এসে ভিডিও ধারণ করেন এবং পুরো ঘটনা থানার সিসিটিভিতে ধারণ হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় ওসি মাসুদুর রহমানকে পুলিশ লাইনে সংযুক্ত করার পাশাপাশি পিংকি রায় ও এনিভা খাতুনকে বদলি করা হয়। এদিকে ওসি মাসুদুর রহমানের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ ওঠার দাবি করেছেন স্থানীয় কয়েকজন। এসব অভিযোগের প্রতিবাদে সোমবার বিকেলে তাঁর স্থায়ী অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে সাতক্ষীরা জেলা ছাত্রদল। তবে ভিডিও ধারণের বিষয়টি অস্বীকার করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার। তিনি জানান, ভিডিও ধারণের বিষয়টি তাঁদের জানা নেই এবং ওসিসহ তিন কর্মকর্তার বদলি নিয়মিত বদলির অংশ। সদ্য প্রত্যাহার হওয়া ওসি মাসুদুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।



ফেসবুক কর্নার