August 18, 2026, 12:42 pm

রাজবাড়ীতে একই দিনে মহাসড়কে পৃথক ৩ দুর্ঘটনা নিহত ১ , আহত ১০

অভয়নগর প্রতিবেদক

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পৃথক তিনটি স্থানে মাত্র আট ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (২৮) নামের এক ট্রাকচালক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক নজরুল ইসলাম বরিশালের আগৈলঝাড়া এলাকার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে কালুখালী উপজেলার পাইকারা মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে পেছন দিক থেকে আসা অপর একটি দ্রুতগতির ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক নজরুল ইসলাম নিহত হন।
এরপর দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় বিপরীতমুখী দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গরুবোঝাই একটি ট্রাকে থাকা প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি গরু মারা যায় এবং ট্রাকটির চালক ও হেলপার গুরুতর আহত হন।

এদিকে দুপুর ১টার দিকে কালুখালী উপজেলার পাইকারা মোড়েই কুষ্টিয়ামুখী একটি ট্রাকের সঙ্গে রাজবাড়ীমুখী ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা অন্তত ৬ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করে।
আহতদের মধ্যে রয়েছেন—ডা. মো. সৈকত হাসান (৪০), জান্নাতুল (৫০), বিপ্লব (২৯), শামীম (৩৫), উজ্জ্বল (৩২), আলমগীর (৪৪), আব্দুস সাত্তার (৫৪) ও মাসুদ রানা (৪০)।
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, পৃথক তিনটি দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিহত চালকের মরদেহ উদ্ধারসহ ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে



ফেসবুক কর্নার