
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে একটি ট্রলার উপহার দেওয়া হয়েছে। একই সঙ্গে সুন্দরবন ভ্রমণের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্টেকহোল্ডারদের মাঝে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ডাস্টবিন বিতরণ করা হয়।
শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ঘাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণে কাজ করা সংগঠন ব্রেকিং দা সাইলেন্স-এর সহযোগিতায় শিক্ষার্থীদের নিরাপদে নদী পারাপারের সুবিধার্থে ট্রলারটি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জর্জ কোড, লিগ্যাল এইড অফিসার ও সিভিল, মিলন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরা মোঃ রোকনুজ্জামান, একাডেমিক সুপারভাইজার, জেলা শিক্ষা অফিস সাতক্ষীরা আ.ন.ম. নাজমুল উলা, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, ১২ নং গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক, ব্রেকিং দ্য সাইলেন্স ও তেরে দেস হোমস এর প্রতিনিধিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, গাবুরা ইউনিয়নের অনেক শিক্ষার্থী প্রতিদিন নদী পাড়ি দিয়ে স্কুল-কলেজে যাতায়াত করে। ট্রলারটি তাদের যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ করবে।
এছাড়াও সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটক ও স্থানীয়দের মাঝে পরিচ্ছন্নতা বজায় রাখতে নৌযান চালক, গাইডসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হয়। বক্তারা সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগকে শিক্ষার্থীদের সহায়তা ও সুন্দরবনের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।