
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ৩১৭০ পিস ট্যাবলেট ও ৪২৭ বোতল সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) দুইটি পৃথক অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মো. আলীম (৩২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার চকসিরামপুর গ্রামের মো. খাইরুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ভারতীয় নেশাজাতীয় ৩৭৭ বোতল Eskuf DX সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে একই রাতে চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প ৫০ বোতল ভারতীয় Eskuf DX সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় TENSIWIN ট্যাবলেট জব্দ করে।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।