
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ময়মনসিংহ মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২ মে ২০২৬ তারিখে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে গৌবিন্দ রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে সামি দায়িত্ব পেয়েছেন। এই কমিটিতে নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের তিন কৃতি সন্তান গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন।
তারা হলেন— ইঞ্জিনিয়ার মোঃ মাফিজুল হক চৌধুরী মাহ্ফুজ (সহ-সভাপতি), দেওয়ান ওয়ালিদ ইয়ার চৌধুরী (সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক) এবং চৌধুরী তানভীর (সহ-সাংগঠনিক সম্পাদক)।
জানা গেছে, ছাত্রজীবন থেকেই তারা রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে বিভিন্ন আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন। তাদের এই অর্জনে ফতেপুর ইউনিয়নসহ স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এলাকাবাসী জানান, তারা প্রত্যেকেই মেধাবী, ভদ্র ও সমাজসচেতন তরুণ হিসেবে পরিচিত। তাদের এই সাফল্যে পরিবার ও এলাকাবাসী গর্বিত।
এদিকে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ময়মনসিংহ মহানগর ছাত্রদল আরও গতিশীল ও সুসংগঠিত হবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দও তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।