
মাদারীপুরের শিবচর উপজেলায় কুকুরের কামড়ে ৪ শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছে কেরামত আলী বেপারীর মেয়ে মরিয়ম আক্তার (৫), ওবাদুর বেপারীর ছেলে আয়ান (২), মো. বাদলের ছেলে মুরসালিন (৫) এবং রুবেল বেপারীর মেয়ে রুবিনা (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উৎরাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যের বাজার এলাকায় একটি কুকুর হঠাৎ নারী, পুরুষ ও শিশুদের ওপর আক্রমণ চালায়। এতে একে একে বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা লিয়াকত বেপারী জানান, এলাকায় দীর্ঘদিন ধরে দলবদ্ধ কুকুর ঘোরাফেরা করছে। এতে শিশুদের স্কুলে যাওয়া ও মসজিদে আরবি পড়তে যেতেও ভয় লাগে। বুধবার সকালে একটি কুকুর প্রথমে এক শিশুকে কামড় দেয়, পরে অল্প সময়ের মধ্যে আরও কয়েকজনকে আক্রমণ করে।
তিনি আরও বলেন, “আমার ভাতিজির মুখে গুরুতর আঘাত করেছে কুকুরটি। প্রায় আধা ঘণ্টার মধ্যে ৭ থেকে ৮ জনকে কামড় দেয়।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সতর্কতামূলক মাইকিং করেছেন এবং শিশুদের একা বাইরে না যেতে অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শিবচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে কি না তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।