
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার আন ফানাই নদীর চকিরমোড়া এলাকা থেকে উত্তরমুখী অংশে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো: শওকতুল ইসলাম। তিনি বলেন, খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রীতম দাস এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বহিবির্শ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল ইসলাম চৌধুরী, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির এবং বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ভুকশিমইল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ খাল খনন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ৩ দশমিক ০৯ কিলোমিটার খনন কাজের জন্য ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, খাল খনন সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।