
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বকেয়া মজুরি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে বাবুল মিয়া (৬২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটার শ্রমের মজুরি বাবদ হাবিবুর রহমান নামে এক ব্যক্তির কাছে বাবুল মিয়ার প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা পাওনা ছিল। সকালে ওই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবুল মিয়ার ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে হাবিবুর রহমান ও তার সহযোগীদের বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সিরাজুলকে মারধরের অভিযোগ ওঠে। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে বাবুল মিয়াও হামলার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।