
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি জাতীয় পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৭ মে) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় এ নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বাদী সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, তিনি প্রকাশ্যে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন।
মামলা গ্রহণের পর আদালত প্রথমে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরবর্তীতে রোববার (১৭ মে) পুনরায় আদালতে হাজির হওয়ার দিন ধার্য থাকলেও তিনি অনুপস্থিত থাকেন। এ অবস্থায় আদালত তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি জাতীয় পত্রিকায় প্রকাশের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেওয়া এক বক্তব্যের প্রতিক্রিয়ায় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে আয়োজিত এক আলোচনায় মুফতি আমির হামজা সংশ্লিষ্ট মন্তব্য করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।