
গোপালগঞ্জের মুকসুদপুরে আঞ্চলিক বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির আঞ্চলিক কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
মালিক সমিতির উপদেষ্টা ও দিগনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম লিটু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগনগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব এবং মুকসুদপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহফুজ মোল্যা।
এ সময় বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবহন খাতের শৃঙ্খলা রক্ষা, যাত্রীসেবা উন্নয়ন এবং মালিক-শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।