
রংপুর মহানগরীর চকইসবপুর এলাকায় রাতের আঁধারে এক ব্যক্তির প্রায় অর্ধশতাধিক ফলন্ত সুপারি গাছ ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ মে) ভোররাতে হাজিরহাট মেট্রোপলিটন থানাধীন ১২ নম্বর ওয়ার্ডের চকইসবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাজু মিয়া (৩৬) নগরীর ছিট-কেল্লাবন্দ কুটিপাড়া এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাজু মিয়া ২০২১ সালের ২৯ নভেম্বর গোপীনাথপুর মৌজার ১৮ শতাংশ জমি বায়নাকৃত ক্রয়সূত্রে অধিগ্রহণ করেন। পরে তিনি সেখানে বিভিন্ন প্রজাতির গাছপালা ও সুপারি গাছের চারা রোপণ করে বাগান গড়ে তোলেন।
রাজু মিয়া অভিযোগ করে বলেন, “আমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসছি। বাগানে প্রায় অর্ধশতাধিক ফলন্ত সুপারি গাছ ছিল। দুর্বৃত্তরা গভীর রাতে গাছগুলো কেটে ফেলে ব্যাপক ক্ষতি করেছে। এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।”
তিনি আরও জানান, গাছ কাটার সময়ের কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং এ ঘটনায় হাজিরহাট মেট্রোপলিটন থানায় কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটার শব্দ শুনলেও ডাকাত আতঙ্কে কেউ বাইরে বের হওয়ার সাহস পাননি। সকালে উঠে তারা গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে হাজিরহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”