
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে ভূমি মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন অতিথিরা।
বক্তারা বলেন, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার ফলে সাধারণ মানুষ এখন দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে ভূমি সংক্রান্ত সেবা পাচ্ছেন। এতে ভূমি জটিলতা কমার পাশাপাশি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান ও অনলাইন সেবাসহ বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে সাধারণ মানুষকে তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রমও প্রদর্শন করা হয়।