
বরিশালের বাকেরগঞ্জে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার ১৪টি ইউনিয়নের ৫০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। তিনি প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সুবিধাভোগীরা সরকারের এ উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন।