
ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কসবা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিশারা বাড়ির মো. আল আমিনের স্ত্রী মোছা. শিরিন আক্তার ওরফে সাদিয়া (৪০), তার পিতা মো. রহমত আলী (৬৫) এবং একই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকার মো. সাব্বির উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন ওরফে অলি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন রাধিকা বাজার এলাকায় সুলতানপুর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পশ্চিম পাশে ‘জুয়েল ইলেকট্রনিকস’ নামীয় ওয়ালটন শোরুমের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সিএনজিচালিত অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশার ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা, দুটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।
ডিএনসি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।