
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে দফায় দফায় হামলা, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা এবং ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। গুলিবিদ্ধরা হলেন দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেন (৪৮)। তাঁদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্য পাঁচজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বক্তব্য জানতে দুই পক্ষের নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের পিকআপ লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।