
রংপুর নগরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই প্রায় চার ভরি স্বর্ণালংকার, পোশাক, প্রসাধনী ও নগদ টাকা নিয়ে উধাও হয়েছেন কনে ও তাঁর পক্ষের লোকজন। সিলেটের হবিগঞ্জ থেকে বিয়ে করতে এসে প্রতারণার শিকার হয়েছেন বর ও তাঁর স্বজনেরা। ঘটনাটি ঘটেছে নগরের ‘আগামীর চাষী’ কমিউনিটি সেন্টারে।
বরপক্ষের অভিযোগ, হবিগঞ্জ থেকে বরযাত্রীরা রংপুরে পৌঁছানোর পর তাঁদের আপ্যায়ন করা হয়। খাওয়াদাওয়া শেষে কনেকে সাজানো ও স্বর্ণালংকার যাচাইয়ের কথা বলে বরপক্ষের তিন সদস্যকে সঙ্গে নিয়ে নগরের লক্ষ্মী জুয়েলার্স ও একটি পার্লারে যান কনেপক্ষের লোকজন। পরে অটোরিকশায় করে ওই তিনজনকে নগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় নিয়ে রেখে কনেসহ অন্যরা পালিয়ে যান।
বরপক্ষের দাবি, প্রায় চার ভরি স্বর্ণালংকার, কনের জন্য কেনা ৭০ হাজার টাকার পোশাক ও প্রসাধনী এবং নগদ সাত হাজার টাকা নিয়ে গেছে কনেপক্ষ। দীর্ঘ সময় অপেক্ষা করেও তাঁদের কোনো খোঁজ না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগীরা। এ ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বরপক্ষ। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।