
২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সাহসিকতার পাশাপাশি সামরিক বাহিনীও গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা গৌরবের বিষয়। ১৯৭১ সালে ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। তবে মুক্তিযুদ্ধের পর তাদের অবদান ও কৃতিত্ব অস্বীকার করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির কথাও উল্লেখ করেন স্পিকার। তাঁর ভাষ্য, সাধারণ মানুষের জীবন রক্ষার তাগিদে প্রশিক্ষণবিহীন মানুষও সেদিন অস্ত্র হাতে তুলে নিয়েছিল।
বিগত ১৫ বছরের ইতিহাসকে দুঃশাসনের ইতিহাস উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ উদ্যত সঙ্গিনের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। অনুষ্ঠানে তিনি সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের সম্মুখসমরের স্মৃতিচারণ করেন এবং কর্নেল মোদাচ্ছির আলী খানের সাহসিকতার প্রশংসা করেন। নিজের সামরিক জীবনের আট বছরকে জীবনের শ্রেষ্ঠ সময় উল্লেখ করে তিনি রাওয়ার সদস্য হওয়াকেও গৌরবের বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সেনাসদস্য ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।