
ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ ও অপরিচ্ছন্নতার অভিযোগ উঠেছে। ওয়ার্ডগুলোর বিভিন্ন স্থানে দুর্গন্ধ ও অপরিচ্ছন্নতার কারণে চিকিৎসা নিতে আসা রোগী এবং তাঁদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। পাশাপাশি যথাযথ সেবা না পাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ।
অভিযোগ রয়েছে, ওয়ার্ডগুলোর পরিবেশ দিন দিন রোগীদের জন্য অনুপযোগী হয়ে উঠছে। বিশেষ করে নারী ও শিশু রোগীদের ক্ষেত্রে এমন পরিবেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের আচরণ ও দায়িত্ব পালনের বিষয়েও রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে অসন্তোষ রয়েছে। হাসপাতালে ভর্তি হয়েও প্রত্যাশিত সেবা পেতে নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
এ অবস্থায় হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, দুর্গন্ধ ও অপরিচ্ছন্নতা দূর করা এবং পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্বশীলতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল। একই সঙ্গে রোগীদের মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন তাঁরা। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।