November 21, 2026, 10:38 am

কমলনগরে দিদার খোনারের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ

Reporter Name

 

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিদার খোনারের বিরুদ্ধে জমির দলিল, খতিয়ান ও আমমোক্তারনামা নিয়ে জালিয়াতি এবং জমি দখলের একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয় অভিযোগকারীদের দাবি, ধর্মীয় ও সামাজিক পরিচয়কে কাজে লাগিয়ে তিনি এসব অনিয়মে জড়িয়েছেন। তবে অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

অভিযোগকারীদের দাবি, ১৯৭৩, ২০১২ ও ১৯৩৪ সালের কয়েকটি দলিলের মালিকানা ও তথ্য নিয়ে অসংগতি রয়েছে। এ ছাড়া ৯১/২০১৮ নম্বর দেওয়ানি মামলাকে কেন্দ্র করে কথিত ভুয়া খাস আমমোক্তারনামা তৈরি এবং মূল দলিলের বাইরে অতিরিক্ত দাগ অন্তর্ভুক্ত করার অভিযোগও করেছেন তাঁরা। মোহাম্মদ ইসমাইল, মোস্তফা মিয়া, ইব্রাহিম মিয়া, অলিউল্যাহ ও ফখরুল ইসলামসহ কয়েকজন বিভিন্ন দাগের জমি দখলের অভিযোগ তুলেছেন। ফখরুল ইসলাম তাঁদের পারিবারিক সম্পত্তিতে মাদ্রাসা ও মসজিদ নির্মাণের অভিযোগও করেন। স্থানীয় আবুল কাসেম ও ধনু মিয়া দলিলের তথ্যের অমিল এবং তাঁদের হয়রানির অভিযোগ করেছেন।

স্থানীয় জনপ্রতিনিধি হারুন চেয়ারম্যান অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে, দিদার খোনার মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, এসব তথ্য-উপাত্ত সত্য নয়; তিনি সরাসরি দেখা করবেন। এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট দলিল, খতিয়ান ও আদালতের নথিপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।



ফেসবুক কর্নার