
লালমনিরহাটে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় নছিমন ও মোটরসাইকেল সড়কের পাশের গর্তে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একটি গরুও মারা গেছে। রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে জেলার সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক ও কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)। পুলিশ জানায়, গরুর ব্যবসায়ী ফজলুল হক গরুবোঝাই নছিমন নিয়ে বড়বাড়ি হাটে যাচ্ছিলেন। অন্যদিকে, এমদাদুল হক মোটরসাইকেলে করে রংপুরে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন ও মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে যানবাহন দুটি সড়কের পাশের গর্তে পড়ে যায়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফজলুল হক ও তার একটি গরু মারা যায়। মোটরসাইকেল আরোহী এমদাদুল হক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। গর্তে পড়ে যাওয়া যানবাহন দুটি উদ্ধারের কাজ চলছে। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।