November 24, 2026, 4:16 am

দেশের বিভিন্ন স্থানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত

অভয়নগর প্রতিবেদক

উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় পরপর দুবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মাত্র দুই মিনিটের ব্যবধানে এ দুটি কম্পন অনুভূত হয়। এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়। এর ঠিক দুই মিনিট পর সকাল ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় আবারও কম্পন অনুভূত হয়।
প্রাথমিক তথ্যমতে, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার প্রায় ৯ কিলোমিটার দূরে।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
হঠাৎ পরপর দুই দফা কম্পনে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার