November 23, 2026, 6:31 pm

হাজীগঞ্জে শিশু খাদ্য ও জ্বালানি তেলে অনিয়ম, জরিমানা

মো. শাহজাহান, হাজীগঞ্জ (চাঁদপুর) স্টাফ রিপোর্টার।

 

 

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হলুদপট্টি ও মকিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী নাম-ঠিকানাবিহীন ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির দায়ে কে সনিয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের দায়ে রাশেদ গাজীকে ১০ হাজার টাকা এবং মেয়াদবিহীন পণ্য সংরক্ষণের দায়ে অনিল সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। এ সময় মেয়াদবিহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়। পাশাপাশি আশপাশের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অবৈধভাবে পণ্য মজুত না করার নির্দেশনা দেওয়া হয়। অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।



ফেসবুক কর্নার