November 23, 2026, 6:09 pm

সিংড়ায় টানা বৃষ্টিতে পাকা আমন ধান নিয়ে বিপাকে কৃষক

আলহাজ হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি।

 

 

কয়েক দিনের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় নাটোরের সিংড়ায় পাকা আমন ধান ঘরে তুলতে বিপাকে পড়েছেন কৃষকরা। চলতি মৌসুমে ধানের ফলন ভালো হলেও বৃষ্টিতে অনেক জমিতে পানি জমেছে। এতে নুয়ে পড়েছে পাকা ধান এবং পানির নিচে তলিয়ে গেছে কাটা ধানের আঁটি। শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে ধান কাটাও ব্যাহত হচ্ছে। কৃষকদের আশঙ্কা, এতে বিঘাপ্রতি ২ থেকে ৩ মণ পর্যন্ত ফলন কমতে পারে।

সরেজমিনে উপজেলার ইটালী ও শুকাশ ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, জলাবদ্ধতার কারণে পাকা ধান ও কাটা ধানের আঁটি পানিতে ডুবে আছে। ইটালী ইউনিয়নের শ্রীকোল গ্রামের কৃষক আব্দুল হক জানান, তাঁর ১০ বিঘা জমির মধ্যে ৬ বিঘার ধান ঘরে তুলেছেন। বাকি ৪ বিঘার ধান নুয়ে পড়েছে। বেশি মজুরি দিতে চেয়েও শ্রমিক পাচ্ছেন না। শুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামের কৃষক মুকুল শেখ ও রহিম মন্ডলও বৃষ্টির কারণে ধান কাটতে না পারা এবং ফসল নষ্ট হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান জানান, উপজেলায় প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। এবার ফলন ভালো হয়েছে। বৈরী আবহাওয়ায় কিছু এলাকায় ধান কাটতে বিলম্ব হলেও দুই-এক দিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। তাঁর মতে, এতে কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।



ফেসবুক কর্নার