November 25, 2026, 5:30 am

বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।

 

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছনুয়া ইউনিয়ন শাখার সহসাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মানিককে (৩২) গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ছনুয়া ইউনিয়নের খুদুকখালী বলী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জয়নাল আবেদিন ছনুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুদুকখালী কমর আলী মাঝির পাড়ার সুফি আলমের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে বাঁশখালী থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মশাল মিছিল করেন। এ ছাড়া সড়কে যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডেও তাঁরা জড়িত ছিলেন বলে পুলিশের দাবি। এসব কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারে থানা এলাকায় ব্যাপক অভিযান চালানো হচ্ছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার জয়নাল আবেদিন মানিকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দুটিসহ মোট সাতটি মামলা রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে। বাঁশখালী থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।



ফেসবুক কর্নার