
খুলনায় প্রায় ৯ ঘণ্টার ব্যবধানে ছয়টি স্থানে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত এসব ঘটনায় নগরী ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যে দৌলতপুরে মোটরসাইকেলে এসে আওয়ামী লীগ নেতা মো. হালিমকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। নগরীর দুটি বাড়ি, একটি রেস্টুরেন্ট ও আড়ংঘাটার একটি দোকানেও গুলি চালানো হয়েছে।
রাত সোয়া ৮টার দিকে দৌলতপুর থানার কল্পতরু মাঠের পাশে হালিমকে গুলি করা হয়। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হালিম দেয়ানা উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন। এর আগে সকালে বেলায়েত হোসেন সড়কে সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। দুপুরে মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি এবং বিকেলে চালু হওয়া দ্যা পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করেও গুলি চালানো হয়। এসব ঘটনায় কেউ আহত হননি।
রাত ৮টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া বাজারে পান্ন খলিফার দোকান লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় দোকানে ১০ থেকে ১২ জন থাকলেও কেউ হতাহত হননি। পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ছাড়া রাত ৮টার পর ফুলবাড়ীগেট এলাকায় সোনালী জুট মিলের সামনে গুলির শব্দ শোনা গেলেও পুলিশ সেখানে কোনো গুলির খোসা পায়নি। শব্দটি গুলির কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর কারণ ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।