
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফেসবুকে পোস্ট শেয়ারের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় মো. নজরুল ইসলাম নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার পূর্ব বাংলা বাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত মো. মরম আলীর ছেলে। মামলা নম্বর ১০, জিআর ১৫২। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫ ধারায় দায়ের করা মামলায় তিনি আসামি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টার দিকে পূর্ব বাংলা বাজার এলাকা থেকে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পোস্ট শেয়ারের অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
একজন কর্মরত শিক্ষককে আটকের ঘটনায় এলাকায় আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কয়েকজনের দাবি, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত এবং এলাকায় সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে পরিচিত। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।