
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বুধবার (১৬ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
এ সময় তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। কৃষক ও নিম্নআয়ের মানুষের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ আহসান হাবিব খান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপপ্রকল্প পরিচালক মোঃ খায়রুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে সুবিধাভোগী মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর তুলে দেওয়া হয়। স্থানীয়রা এ উদ্যোগকে প্রান্তিক মানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।