
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর তীব্র ভাঙন রোধ ও ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার সকাল ১১টায় উপজেলার কদমতলার স্মৃতি পাড়া এলাকায় ধরলা নদীর বাম তীরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীসহ কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা নদীভাঙনের ভয়াবহ চিত্র তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক শাহানুর রহমান সৈকত, এনসিপি পাঁচগাছি ইউনিয়নের সদস্য সচিব মোঃ রাশেদ খান মিলন, ব্যবসায়ী আনোয়ার হোসেন, এনামুল হক, ইয়াকুব আলী ও আকতারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, ধরলা নদীর বাম তীর সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ডের কিছু কাজ চলমান থাকলেও কদমতলার স্মৃতি পাড়া এলাকার প্রায় ৫০০ মিটার ভাঙনপ্রবণ অংশ এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। প্রশাসনিক জটিলতার কারণে গুরুত্বপূর্ণ এই অংশে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও দাবি করেন তারা।
তারা বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শত শত পরিবারের বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমিও হুমকির মুখে পড়বে।
মানববন্ধন থেকে এলাকাবাসী অবিলম্বে ভাঙনকবলিত এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে জরুরি সুরক্ষা ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে ধরলা নদীর ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।