
নাটোরের নলডাঙ্গা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মনির হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মনির হোসেন উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের মোঃ রাজ্জাকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জমির সীমানা নিয়ে মনির হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই মোহাম্মদ আলী ও মহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠিসোটার আঘাতে গুরুতর আহত হন মনির হোসেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরে আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।