
মানিকগঞ্জের শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও শিক্ষাবিদ অধ্যক্ষ আলী আহমদ আর নেই। মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে মানিকগঞ্জ শহরের গঙ্গাধর পট্টিস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আছর সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। পরে পৌরসভাধীন মত্ত কবরস্থানে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
অধ্যক্ষ আলী আহমদ দীর্ঘ কর্মজীবনে মানিকগঞ্জে শিক্ষার প্রসার ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি সরকারি দেবেন্দ্র কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ এবং মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর সততা, নিষ্ঠা ও শিক্ষানুরাগ তাঁকে জেলার মানুষের কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।
জানাজায় অংশ নেওয়া তাঁর এক প্রাক্তন শিক্ষার্থী বলেন, “অধ্যক্ষ আলী আহমদ স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক। শিক্ষা বিস্তার, সমাজ উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তাঁর মৃত্যুতে মানিকগঞ্জের শিক্ষা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁর অবদান মানিকগঞ্জবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।