
বাগেরহাটের রামপাল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে রামপাল থানা পুলিশ। শনিবার (২৭ জুন) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— উপজেলার পেড়িখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচ মাঝি (৪৫), তিনি সাতপুকুরিয়া গ্রামের তৈয়েবুর রহমান মাঝির ছেলে এবং রামপাল সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন শেখ (৬২), তিনি শ্রীকলস গ্রামের মৃত আব্দুল লতিফ শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তবে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, “বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হবে।