শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া পরীক্ষার সঙ্গে সমন্বয় করে পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষাও পুনরায় নেওয়া হবে। একই সঙ্গে নিজের সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের বিষয়ে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শিক্ষামন্ত্রী বলেন, তার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকের আপত্তি রয়েছে। তিনি কাউকে উদ্দেশ্য করে কোনো মন্তব্য করেননি উল্লেখ করে বলেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি সে জন্য দুঃখ প্রকাশ করছেন। তার এ বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তা স্বাগত জানান।
পরীক্ষা পেছানোর দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার দিন বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী ভিজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় এবং সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি—এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও জানান, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। তাই ওই বোর্ডে বিকল্প প্রশ্নপত্রে যখন পুনরায় পরীক্ষা নেওয়া হবে, তখন একই সময়ে পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষাও আবার আয়োজন করা হবে।







গ্রীন মডেল টাউন, মুগদা থেকে প্রকাশিত