
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের খন্দকপাড়া গ্রামে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা এক ছেলের ধারালো দায়ের কোপে পিতা নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নিহত মজিবুর রহমান (৫৫) খন্দকপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। অভিযুক্ত তার ছেলে ফারুক আহমেদ (৩০)। স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় ফারুক আহমেদ ধারালো দা দিয়ে তার পিতার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মজিবুর রহমানকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে কী কারণে তিনি এ হামলা চালিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ফারুক আহমেদকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।