July 17, 2026, 8:50 pm
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০

ইমন হুসাইন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কয়েকজন শীর্ষ নেতা নিচে পড়ে যান। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। পরে ত্রাণ বিতরণের সময় উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়িতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী মঞ্চে ওঠার পর অতিরিক্তসংখ্যক নেতা-কর্মী ও অতিথি একসঙ্গে মঞ্চে উঠলে অতিরিক্ত চাপের কারণে মঞ্চটি হঠাৎ ধসে পড়ে।

এ সময় অর্থমন্ত্রীর পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালী আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ উপস্থিত নেতারা নিচে পড়ে যান। তবে সবাই দ্রুত উঠে দাঁড়ান এবং কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনার পর অর্থমন্ত্রী পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা দেন।

পরে স্থানীয় নেতারা ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করলে উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় ঠেলাঠেলিতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, “মন্ত্রী ত্রাণ বিতরণের জন্য মঞ্চে ওঠার পর অতিরিক্ত লোকজনের চাপে মঞ্চটি ভেঙে পড়ে। এতে মঞ্চে থাকা সবাই নিচে পড়ে গেলেও কেউ আহত হননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ত্রাণ বিতরণ কার্যক্রম পুনরায় শুরু করা হয়।”

ত্রাণ নিতে গিয়ে আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, “মন্ত্রী চলে যাওয়ার পর হুড়োহুড়িতে আহত হওয়ার বিষয়টি আমার জানা নেই। তখন আমি ঘটনাস্থল থেকে চলে এসেছিলাম।”



ফেসবুক কর্নার