July 27, 2026, 9:31 pm

পাবনা মানসিক হাসপাতালে আধুনিক চিকিৎসার সংকট

মাফরুদুর রহমান মুরাদ, পাবনা জেলা প্রতিনিধি:

বাংলাদেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতালে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, প্রয়োজনীয় থেরাপি, পর্যাপ্ত জনবল ও ওষুধের সংকটে ব্যাহত হচ্ছে মানসিক রোগীদের চিকিৎসাসেবা। ৫০০ শয্যার এ হাসপাতালে বর্তমানে ৩৪৫ জন রোগী ভর্তি রয়েছেন এবং বহির্বিভাগে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তবে চিকিৎসকরা বলছেন, জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে রোগীদের পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
১৯৫৭ সালে ৬০ শয্যা নিয়ে যাত্রা শুরু করা হাসপাতালটি বর্তমানে ৫০০ শয্যায় উন্নীত হলেও আন্তর্জাতিক মানের বিহেভিয়ার থেরাপি, সাইকোথেরাপি, মিউজিক থেরাপি ও পর্যাপ্ত কাউন্সেলিং সেবার ব্যবস্থা নেই। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও থেরাপিস্টের সংকটের কারণে অধিকাংশ রোগী উচ্চ ক্ষমতাসম্পন্ন ওষুধ ও ইনজেকশননির্ভর চিকিৎসা পাচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, অনুমোদিত ৩১টি চিকিৎসক পদের মধ্যে ৯টি শূন্য। এছাড়া নার্স, আয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও রয়েছে তীব্র জনবল সংকট। বহির্বিভাগে রোগীর চাপ বেশি থাকায় চিকিৎসকদের স্বল্প সময়ের মধ্যে ব্যবস্থাপত্র দিয়ে দায়িত্ব শেষ করতে হচ্ছে।
রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না, অনেক পরীক্ষা-নিরীক্ষাও বাইরে করতে হয়। একই সঙ্গে হাসপাতাল চত্বরে দালালদের দৌরাত্ম্যে রোগী ও স্বজনরা হয়রানির শিকার হচ্ছেন।
হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নাইম আক্তার আব্বাসি বলেন, সাধারণ মানসিক রোগীদের ক্ষেত্রে কাউন্সেলিং ও থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও জনবল সংকটের কারণে তা পর্যাপ্তভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। গুরুতর রোগীদের ক্ষেত্রে ওষুধই প্রধান চিকিৎসা হলেও পুনর্বাসনমূলক সেবারও প্রয়োজন রয়েছে।
নার্সিং সুপারভাইজার মো. রফিক বলেন, ৫০০ শয্যার হাসপাতাল হলেও সেই অনুপাতে নার্স ও অন্যান্য জনবল বাড়ানো হয়নি। ফলে পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদ জানান, বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল সংকটের পাশাপাশি মামলা জটিলতার কারণে টেন্ডার বন্ধ থাকায় ওষুধ সরবরাহেও সমস্যা সৃষ্টি হয়েছে। তবে আবাসিক বিভাগে ওষুধের সংকট তুলনামূলক কম। তিনি বলেন, সরকার সম্প্রতি ১ হাজার ৩৬৫ কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে হাসপাতালটি আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রূপ নেবে এবং বর্তমান সংকট অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে।



ফেসবুক কর্নার