August 4, 2026, 2:09 pm
শিরোনাম :
ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ছায়ানট

অভয়নগর প্রতিবেদক

সংস্কৃতি ভবনে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ছায়ানট কর্তৃপক্ষ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ছায়ানটের সভাপতি সারওয়ার আলী ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসার সই করা এক বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে একদল লোক রাত ১২টার পর ছায়ানট সংস্কৃতি ভবনে জোর করে ঢুকে ভাঙচুর ও লুটতরাজ চালায় এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। তারা ছয়তলা ভবনের সব সিসিটিভি ক্যামেরাসহ অধিকাংশ কক্ষ এবং বহু বাদ্যযন্ত্র, মিলনায়তন, কম্পিউটার ও আসবাব ভাঙচুর করেছে। সার্ভারসহ ছায়ানটের কিছু বাদ্যযন্ত্র ও আসবাব পুড়িয়ে দিয়েছে। অন্তত ৭টি ল্যাপটপসহ গোটা চারেক ফোন ও কিছু হার্ডডিস্ক লুট করেছে। তাদের ভাঙচুরে বৈদ্যুতিক সংযোগ ও সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওসমান হাদির হত্যাকাণ্ডে ছায়ানটও গভীরভাবে শোকাহত জানিয়ে এতে বলা হয়, ‘কিন্তু ওই সূত্র ধরে ছায়ানট সংস্কৃতি ভবনে কেন হামলা সংঘটিত হলো, তা মোটেই বোধগম্য নয়। হয়তো পরিস্থিতির সুযোগ গ্রহণ করেছে সংস্কৃতিচর্চার বিরোধী গোষ্ঠী।’

বাঙালি সংস্কৃতির লালনকেন্দ্র হিসেবে পরিচিত ছায়ানট এই হামলার বিচার দাবি করে বিবৃতিতে বলেছে, ‘আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি।’

বিবৃতিতে হামলার ক্ষতি কাটিয়ে উঠতে ছায়ানট নিজেদের মতো করে কাজ চালিয়ে যাবে জানিয়ে বলা হয়, ছায়ানট একটি স্বেচ্ছাসেবী ও স্বনির্ভর সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ছায়ানট কোনো সরকার, বিদেশি সংস্থা বা করপোরেট অনুদান গ্রহণ করে না। সুতরাং ছায়ানট আত্মশক্তিতে বলীয়ান হয়ে এই ক্ষতি পূরণ করবে। সংগীত এবং শিশুদের সাধারণ শিক্ষায় এই সাময়িক বিঘ্নের দ্রুত প্রতিকার করতে বদ্ধপরিকর।



ফেসবুক কর্নার