June 7, 2026, 4:26 am
শিরোনাম :
নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি

কালীগঞ্জে নলতা আহছানিয়া মিশনে ‘এতিম নেই’, ভুয়া বিল–ভাউচারে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনে এতিমখানা পরিচালনার নামে বছরের পর বছর ভুয়া তথ্য, বিল ও ভাউচার দাখিল করে সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির কতিপয় অসাধু ব্যক্তি ও সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর সংখ্যা দেখিয়ে বরাদ্দের অর্থ তুলে লুটপাট করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে এতিমখানাটিতে গিয়ে দেখা যায়, মূল ফটকে ভেতর থেকে তালা ঝুলানো। ভেতরে মাত্র ৫–৭ জন ছেলে খেলা করছিল। বাইরে একটি সাইনবোর্ড ঝুললেও ভবনের কক্ষগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দ্বিতীয় তলায় কয়েকটি বিছানা গুছানো থাকলেও সেখানে কোনো শিক্ষক বা তত্ত্বাবধায়ককে দেখা যায়নি।
দুপুরের খাবারের জন্য কেনা হয়েছে কাঁচাকলা ও ছোট ছোট পাঙ্গাস মাছ—যা সর্বোচ্চ ৬–৭ জন শিশুর জন্য যথেষ্ট। অথচ সরকারি নথিতে দেখানো হয়েছে, এখানে ৬২ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশু অবস্থান করছে।
পাশের একটি মাদ্রাসার সাবেক শিক্ষক মশিউর রহমান জানান, “এখানে যাদের এতিম বলা হচ্ছে, তাদের অনেকের বাবা আছে, কারও মা আছে। বাকি যারা আছে, তাদের হেফজখানা ও মাদ্রাসা থেকে এনে তালিকাভুক্ত করা হয়েছে।”
এছাড়া সামনে অবস্থিত আরেকটি ভবনকে এতিমখানা হিসেবে দেখানো হলেও সেখানে কাউকেই পাওয়া যায়নি।
কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে ৬২ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর বিপরীতে নলতা আহছানিয়া মিশন ৭ লাখ ৪৪ হাজার টাকা উত্তোলন করেছে, যা অর্থবছরের জুন পর্যন্ত প্রথম কিস্তির বরাদ্দ। বাকি ছয় মাসের অর্থ এখনো আসেনি, তবে খুব শিগগিরই পাওয়া যাবে বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ।
তবে অভিযোগ রয়েছে, ভুয়া বিল ও ভাউচারের মাধ্যমে এই প্রথম কিস্তির টাকা উত্তোলন করা হয়েছে। এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, তিনি এখনো এতিমখানাটি পরিদর্শন করেননি, তবে খুব শিগগিরই সরেজমিনে পরিদর্শনে যাবেন।
এতিমখানায় প্রকৃত এতিম না থাকার অভিযোগ প্রসঙ্গে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি মাহফুজুর রহমান বলেন, “আমরা অল্প কয়েকদিন আগে নির্বাচিত হয়ে দায়িত্ব পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”
একই প্রসঙ্গে নতুন সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম প্রথমে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও পরে বলেন, “আমরা সদ্য দায়িত্ব নিয়েছি। সার্বিক বিষয় যাচাই করে এর সুরাহা করা হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎকৃত সরকারি অর্থ উদ্ধার করার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার