
সিলেটের কোম্পানীগঞ্জে জনসাধারণের ধাওয়ায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন ব্যক্তি একটি সন্দেহভাজন যুবককে অন্ধকারে একটি লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ (গাইড) হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। তার পরিচয় জানতে চাইলে ওই যুবক ব্যাগটি ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ব্যাগটি পরীক্ষা করে মাদকদ্রব্য রয়েছে বলে সন্দেহ করেন এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। কিছুটা সময় বিলম্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগটি খুলে গণনা করে ৪৭ বোতল ভারতীয় ‘অফিসার্স চয়েস’ মদের বোতল জব্দ করে।
অভিযানে এসআই (নিরস্ত্র) অলিউল্লাহ ও কনস্টেবল ইমরান উপস্থিত থেকে জব্দকৃত আলামতের তালিকা প্রস্তুত করেন এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন।
এ সময় এসআই অলিউল্লাহ ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করে জানান, ঈদকে সামনে রেখে পুলিশের ওপর দায়িত্বের চাপ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যানবাহনজনিত সমস্যার কারণেও সময়মতো পৌঁছানো সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং জনসাধারণের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের পক্ষ থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
ঘটনার সময় প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেও স্থানীয়রা ধৈর্য ধরে অবস্থান করেন। পরবর্তীতে পুলিশের উপস্থিতি ও কার্যক্রমে তারা সন্তোষ প্রকাশ করেন।