March 19, 2026, 12:14 pm

দিনাজপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত চালক ও হেলপার পালিয়ে গেছে।
বুধবার (১৮ মার্চ) দিনাজপুর সদর সার্কেল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল পৌনে ৯টার দিকে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল মাঝিনা এলাকার চিবুক মন্দিরগামী সড়কে অভিযান চালায়। এ সময় একটি কাভার্ডভ্যান পুলিশের উপস্থিতি টের পেয়ে দিক পরিবর্তন করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করলে চালক ও হেলপার গাড়িটি ফেলে পালিয়ে যায়।
পরে গাড়িটি তল্লাশি করে তিনটি বস্তা থেকে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা।
পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আসন্ন ঈদকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।



ফেসবুক কর্নার