March 20, 2026, 6:47 pm

বিতর্কিত আল-আমিন পার্ক পুনরায় চালুর চেষ্টা ঘিরে মণিরামপুরে উত্তেজনা

অভয়নগর প্রতিবেদক

যশোরের মণিরামপুর পৌরসভার তাহেরপুর এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকা আলোচিত আল-আমিন পার্ক পুনরায় চালুর উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতীতে পার্কটির আড়ালে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলত। এ কারণে এলাকাবাসীর প্রতিবাদ ও জনরোষের মুখে ২০২৪ সালের আগস্ট মাসে পার্কটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে কয়েক দফা পুনরায় চালুর চেষ্টা হলেও স্থানীয়দের বাধার মুখে তা সম্ভব হয়নি।
সাম্প্রতিক সময়ে পার্কটির মালিক আব্দুর রহমান ও তার ছেলে আল-আমিন হোসেন আবারও পার্কটি চালুর জন্য বিভিন্ন মহলে তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
একজন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় শিক্ষক জানান, “এলাকাটি আবাসিক হওয়ায় এখানে এ ধরনের কার্যক্রম পুনরায় চালু হলে সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।”
এলাকাবাসীর দাবি, পার্কটির আশপাশে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও ধর্মীয় স্থাপনা রয়েছে। তাই যথাযথ অনুমোদন ও পরিবেশগত বিষয় বিবেচনা না করে পার্ক চালু করা হলে তা জনস্বার্থের পরিপন্থী হবে।
অন্যদিকে জমির শরিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পার্কের ভেতরে তাদের অংশীদারিত্ব রয়েছে এবং এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে এ পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় ও বন্ধের নির্দেশ দিয়েছিল। এছাড়া এ সংক্রান্ত কিছু ঘটনা নিয়ে পূর্বে থানায় মামলাও হয়েছে।
তবে পার্ক মালিক আব্দুর রহমান বা তার ছেলে আল-আমিন হোসেনের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন বিষয়টি গুরুত্ব দিয়ে পার্ক এলাকা পরিদর্শন করেছেন বলে জানা গেছে। তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী পার্কটি পুনরায় চালু না করার দাবিতে প্রয়োজনে মানববন্ধনসহ আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।



ফেসবুক কর্নার