
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রবাসীদের পাঠানো অনুদান সুশৃঙ্খলভাবে বিতরণ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সভায় উপজেলার ১৩টি ইউনিয়নের ২৬ জন প্রতিনিধির উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১২নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনকে আহ্বায়ক এবং গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা পেশাজীবী পরিষদের সদস্য সচিব মো. বিলাল উদ্দিনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে সদস্য নিয়ে মোট ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।
বক্তারা বলেন, ইতালি প্রবাসীদের উদ্যোগে গঠিত এই সংগঠনের মূল লক্ষ্য হলো মানবিক সহায়তা কার্যক্রমকে সুশৃঙ্খল করা এবং প্রবাসীদের কষ্টার্জিত অর্থ যেন প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের কাছে পৌঁছে তা নিশ্চিত করা। নবগঠিত কমিটি দেশ ও প্রবাসের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় কেন্দ্রীয় উপদেষ্টা কামাল আহমদের উপস্থাপনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সংস্থা সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল ইউ আহমদ এবং পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির মাধ্যমে গোয়াইনঘাটে মানবিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।