
পঞ্চগড় সদর উপজেলার জালাসী মোড় এলাকায় মাটি খননের সময় একটি পুরনো আর্টিলারি শেল (কামানের গোলা) উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জালাসী মোড় সংলগ্ন হান্নান শেখ পাবলিক স্কুল ও কলেজের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি স্থাপনা নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খননের কাজ করছিলেন। খননের এক পর্যায়ে তারা মাটির নিচে শক্ত ধাতব কিছু অনুভব করেন। পরে সতর্কতার সঙ্গে মাটি সরিয়ে একটি বড় আকৃতির গোলা সদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। ঝুঁকি এড়াতে পুরো এলাকা ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া বস্তুটি প্রাথমিকভাবে একটি পুরনো আর্টিলারি শেল বলে ধারণা করা হচ্ছে। এটি দীর্ঘদিন মাটির নিচে ছিল। নিরাপত্তার স্বার্থে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার কোনো অবিস্ফোরিত গোলা হতে পারে। তবে বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পরই এর প্রকৃত পরিচয় ও ঝুঁকি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বর্তমানে এলাকাটি পুলিশি নজরদারিতে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়দের ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।