
নির্ধারিত দামের তোয়াক্কা না করে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এ সময় ‘ইউনাইটেড সেনিটারি’ নামের একটি খুচরা প্রতিষ্ঠান ১২ কেজি এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত ১ হাজার ৯৪০ টাকার পরিবর্তে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করতে দেখা যায়। অর্থাৎ প্রতি সিলিন্ডারে ৩৬০ টাকা বেশি নেওয়া হচ্ছিল।
এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক এনামুল হককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।