
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে খলিল নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, চুরি ও ডাকাতিসহ নানা অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ এনে এলাকাবাসী মানববন্ধন করেছে এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৮নং চরকাদিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা খলিলের বিরুদ্ধে সম্প্রতি নুপুর আক্তার নামে এক নারী কমলনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, খলিল তার ওপর নির্যাতনের চেষ্টা, চুরি এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। একই সঙ্গে আরও কয়েকজন নারী অভিযোগ করেন, খলিল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
এলাকাবাসীরা জানান, তারা মূলত নদীভাঙন কবলিত দরিদ্র পরিবার। জীবিকার তাগিদে পুরুষ সদস্যরা বাইরে থাকলে বাড়িতে থাকা নারী ও শিশুদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। এই সুযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ঘরে প্রবেশ, চুরি এবং হয়রানির অভিযোগ রয়েছে বলে দাবি করেন তারা।
এ বিষয়ে চরকাদিরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুন বলেন, “খলিলের বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ রয়েছে। এলাকাবাসীর মধ্যে তার কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ রয়েছে।”
স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন জানান, “খলিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।”
অভিযোগের বিষয়ে খলিলের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, অভিযোগের পর তিনি আত্মগোপনে রয়েছেন।
এদিকে নিরাপত্তা নিশ্চিত ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।