
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষকদের ভোগান্তি দূর করতে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এইচ এম জিলানী।
শনিবার (২৪ এপ্রিল ২০২৬) তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালে জমে থাকা কচুরিপানা অপসারণ কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি নিজ হাতে কচুরিপানা পরিষ্কার করে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটি কচুরিপানায় ভরাট হয়ে থাকায় কৃষকদের ধানসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বিলাঞ্চলের কৃষকদের জন্য খালটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হওয়ায় সমস্যা আরও প্রকট হয়ে ওঠে।
সংসদ সদস্য এইচ এম জিলানী বলেন, “কোনেরভিটা-রামনগর খালটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকরা এই খাল ব্যবহার করে ধানসহ বিভিন্ন ফসল পরিবহন করেন। দীর্ঘদিন কচুরিপানা জমে থাকায় তাদের ভোগান্তি বেড়ে গিয়েছিল। সেই সমস্যা সমাধানেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন, জনস্বার্থে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া এলাকার বিভিন্ন খাল-নালা ও জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এইচ এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলি আর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয়রা এমপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একজন জনপ্রতিনিধির এমন সরাসরি অংশগ্রহণ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করবে।